কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ এ ১০:১১ AM

অর্জন

কন্টেন্ট: পাতা

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সকল শুমারি ও জরিপ কার্যক্রম পূর্বে সম্পূর্ণভাবে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো। অর্থাৎ কাগজ-কলমে তথ্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সদর দপ্তরে প্রেরণ করা হতো এবং পরবর্তীতে ডাটা এন্ট্রি, ডাটা ক্লিনিং, ভ্যালিডেশন ও বিশ্লেষণ সম্পন্ন করা হতো। এ পদ্ধতি ছিল অত্যন্ত সময়সাপেক্ষ এবং লিখিত তথ্য থেকে ডাটা এন্ট্রি করার কারণে উল্লেখযোগ্য পরিমাণ ভুল-ভ্রান্তির সম্ভাবনা তৈরি হতো। পাশাপাশি এতে আর্থিক অপচয়ও হতো।

উক্ত সমস্যাসমূহ নিরসনের লক্ষ্যে সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে একটি সমন্বিত ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগ গ্রহণ করা হয় এবং আইসিটি সংশ্লিষ্ট সকল কার্যক্রম বিভাগের আইসিটি টিমের ওপর ন্যস্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে দেশব্যাপী অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমে বিভাগের আইসিটি জনবল কর্তৃক উন্নয়নকৃত অ্যাপস ও মনিটরিং টুলস ব্যবহার করে সফলভাবে শুমারি কার্যক্রম পরিচালিত হয়। এর ফলস্বরূপ মাত্র এক মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন সরকারের নিকট হস্তান্তর করা সম্ভব হয়, যা বিবিএস-এর শুমারি ও জরিপ ইতিহাসে এক বিরল ও উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে বিবিএস-এর শুমারি ও জরিপ কার্যক্রমে ম্যানুয়াল যুগের অবসান ঘটে।

এই অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে বাংলাদেশ সরকার কারিগরি ক্যাটাগরিতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করে।

উক্ত সাফল্যের ধারাবাহিকতায় অর্জিত অভিজ্ঞতা, উন্নয়নকৃত অ্যাপস ও টুলস ব্যবহার করে বর্তমানে বিবিএস-এর সকল শুমারি ও জরিপ কার্যক্রম সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এর ফলে তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহকারীদের মনিটরিং, সংগৃহীত তথ্যের গুণগত মান যাচাই এবং মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বিক তদারকি কার্যক্রম তাৎক্ষণিক ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভাগের ভাবমূর্তির উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন